১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আলোকায়নে মডেল আলো ঝলমলে রাজশাহী

প্রকাশিত: ১৯ February ২০২২, ১২:৪৯ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
আলোকায়নে মডেল আলো ঝলমলে রাজশাহী
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়নের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। নগরীর বিহাস থেকে নাদের হাজ্বীর মোড় পর্যন্ত ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতিতে ফলক উন্মোচন ও সুইচ চেপে আলোকায়নের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- ৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চার দশমিক ৭ কিলোমিটার সড়কে ১৯৮টি দৃষ্টিনন্দন পোলে লাগানো হয়েছে ৩৫৬টি অত্যাধুনিক এলইডি বাল্ব। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যার আলোয় আলোকিত হলে চারপাশ। অনন্য রূপ পেলো রাতের মহানগরী। সারাদেশের মধ্যে আলোকায়নে মডেল আলো ঝলমলে রাজশাহী।

সিটি কর্পোরেশন জানিয়েছে, সম্প্রতি আলিফ লাম মিম ভাটার মোড় থেকে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে বিহাস পর্যন্ত রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিমমুখী ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সংযোগ সড়ক নির্মাণ করেছে রাজশাহী সিটি করপোরেশন। সড়কের দুই পাশে ফুটপাথ, একটি ব্রিজ, আটটি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ এবং ৩২৭ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যরে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর প্রথম পর্যায়ে আলিফ লাম মিম ভাটার মোড় থেকে নাদের হাজ্বীর মোড় পর্যন্ত ২ দশমিক ৫ কিলোমিটার সড়কে ৮৭টি দৃষ্টিনন্দন পোলে ১৭৪টি অত্যাধুনিক এলইডি বাল্বের মাধ্যে আলোকায়নের উদ্বোধন করা হয়। যাতে ব্যয় হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা।

প্রসঙ্গত, এরআগে নগরীর বিভিন্ন সড়ক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হয়েছে। কাশিয়াডাঙ্গা মোড় থেকে বিলসিমলা রেলক্রসিং পর্যন্ত চার দশমিক দুই কিলোমিটার সড়কটিতে ১৭৪টি দৃষ্টিনন্দন পোলে বাসানো হয়েছে ৩৪৮টি আধুনিক এলইডি বাল্ব। বাতিগুলো প্রজাপতির মতো ডানা মেলে আছে। মহানগরীর গুরুত্বপূর্ণ উপশহর মোড় থেকে দড়িখরবোনা, কাদিরগঞ্জ, মহিলা কলেজ, মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে সোনাদিঘি মোড় এবং মালোপাড়া মোড় হতে রানীবাজার মোড় পর্যন্ত সড়কে মোট ৯৬টি ডেকোরেটিভ পোলে ৯৬টি দৃষ্টিনন্দন এলইডি সড়কবাতি লাগানো হয়েছে। দৃষ্টিনন্দন এ বিদ্যুৎসাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হয়। এছাড়া সম্প্রতি বড়কুঠি থেকে পঞ্চবটি শ্মশান ঘাট পর্যন্ত এলাকার পদ্মাপাড়ের ওয়াকওয়ে আলোকায়ন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন