১৮ September ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ইউনূসকে নিয়ে ওয়ান-ইলেভেনের পুরনো খেলায় বিএনপি: কাদের

প্রকাশিত: ৬ September ২০২৩, ৯:৪০ pm | বিভাগ: রাজনীতি, সব খবর
ইউনূসকে নিয়ে ওয়ান-ইলেভেনের পুরনো খেলায় বিএনপি: কাদের
বিজ্ঞাপন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালানোর পর এবার ডক্টর ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন আছে।   দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। সৃষ্টকে পালন করতে হবে। এখানে অশান্তির হুমকি আছে। শ্রীকৃষ্ণের উপদেশ মতো শান্তি যাতে বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

সেতুমন্ত্রী বলেন, গত সাড়ে ১৪ বছর এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন মানুষ রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই-বোনেরা নিরাপদে ছিলেন। এবার আমি ভয় পাচ্ছি। যে অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল।

উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের অন্যান্য নেতারা। পরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এক বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন