চারঘাটে সাড়ে চার মণ ভেজাল গুড় জব্দ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে সাড়ে চার মণ ভেজাল গুড় জব্দ করেছে চারঘাট থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর দেড়টায় চারঘাট ইউনিয়নের মেরামতপুর দিরীপাড়া এলাকার একটি ভেজাল গুড় তৈরির কারখানা থেকে এসব জব্দ করা হয়।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার দুপুরে চারঘাট থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট ইউনিয়নের মেরামতপুর দিরীপাড়া এলাকায় একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে।
এসময় সাড়ে চার মণ (১৮০ কেজি) ভেজাল গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী ( চুন, হাইড্রোজ, ফিটকিরি ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান) জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাৎক্ষনিক কাউকে আটক করা যায় নি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে আজকের দিন পর্যন্ত রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন থানায় ভেজালগুড় জব্দকরণ সংক্রান্ত সর্বমোট ১৮ টি মামলা রুজু হয়েছে। ১৮ টি মামলায় ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর বিপুল পরিমান রাসায়নিক উপকরণসহ ভেজালগুড় জব্দ হয়েছে মোট ১১৪৬৫ কেজি এবং গ্রেফতার হয়েছে ২০ জন।
