ছয় জেলায় চলমান তাপপ্রবাহ আরও বাড়বে
দেশের ছয় জেলায় শুরু হওয়া তাপপ্রবাহ আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে গতকালের তুলনায় দেশের সব জেলায় তাপমাত্রাও বেড়েছে। এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।
আবহাওয়ার সন্ধ্যার পূর্বাভাসে জানানো হয়, আজ থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় খুলনায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা পোস্ট
