জল্পনার অবসান, Hera Pheri 3 ছবিতে থাকছেন অক্ষয় কুমার!
‘নো অক্ষয় নো হেরাফেরি’, আক্কি ফ্যানেরা এভাবেই তাদের হাতাশা জাহির করেছিল সোশ্যাল মিডিয়ায়। এবার তার ফল বোধহয় পেতে চলেছেন তারা।
শাম আর বাবুরাও তো ছিলই, হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজিতে রাজু ফিরবে না বলেই জানা গিয়েছিল। তবে অক্ষয় রাজ জারি থাকল। হেরা ফেরির তৃতীয় ইনস্টলমেন্টে (Hera Pheri 3) ফিরতে আসতে চলেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের বহুল চর্চিত কমেডি ছবিগুলোর মধ্যে হেরা ফেরি জনপ্রিয়।
তেমনই বিখ্যাত অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল ট্রায়ো। অথচ বেশ কিছদিন আগে প্রকাশ্যে খিলাড়ি জানিয়েছিলেন, তিনি আর হেরা ফেরিতে কাজ করবেন না। তাতেই আশাহত হয়েছিল আক্কি ফ্যানেরা।
শোনা যাচ্ছিল, হেরা ফেরি থ্রি-তে অক্ষয়ের জায়গায় আসছে কার্তিক আরিয়ন। পরবর্তীতে সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালও জানান, কার্তিকের কথা। কিন্তু কোথাও যেন দর্শকরা নিরাশ হচ্ছিলেন। তাই প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা অনীজ বাজমি, রাজ সান্ডিল্য-র মতো বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও বলেন। কিন্তু সামাধান বের হচ্ছিল না। পছন্দ হচ্ছিল না চিত্রনাট্যও। অবশেষে আশার আলো। ফিরোজ নাদিয়াওয়ালা কথা বলে রাজি করিয়ে ফেলেছেন রাজুকে।
ঘনিষ্ঠ সূত্রের খবর, ”হেরা ফেরি থ্রি-এর কাস্টিং নিয়ে কার্তিক আরিয়ানের সঙ্গে কাগজে কলমে সবটা হয়ে গিয়েছিল,কিন্তু আবার তা পাল্টাতে চলেছে। গত ১০ দিনে ফিরোজ, অক্ষয় কুমারের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছেন। সমস্ত মতভেদ দূর করে অবশেষে ফ্র্যাঞ্চাইজির কাছে ফিরিয়েও এনেছেন। তিনি বুঝেছেন চরিত্রটি কতটা আইকনিক এবং তিনি এও স্বীকার করেন যে চরিত্রটিকে অন্য মাপকাঠিতে, নতুন উচ্চতা নিয়ে যাওয়ার কৃতিত্ব অক্ষয়েরই।” এমনকী ফিরোজ নাদিয়াওয়ালা রাজু-কে নিয়ে অনুরাগীদের উন্মাদনা সম্পর্কেও অবগত হন।
অক্ষয় কুমারকে ছাড়া হেরা ফেরি করা যাবে না। সূত্র মারফত আরও জানা গিয়েছে, হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় কমিক ফ্র্যাঞ্চাইজি ফিরিয়ে আনতে অক্ষয়-সুনীল-পরেশকেই প্রয়োজন। এই মুহূর্তে আলোচনা চলছে। অক্ষয়ও ফিরোজের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, বরং হেরা ফেরি ৩-কে এমন এক ছবি বানাতে যা এতদিনের অপেক্ষা, উত্তেজনা এবং প্রত্যাশার মূল্য রাখতে পারে।
প্রসঙ্গত, হেরা ফেরি এবং ফির হেরা ফেরি হিন্দি সিনেমার অন্যতম সেরা কমিক ক্যাপার। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের পর্দার রসায়ন মনে দাগ কেটে গিয়েছে। তবে এতকিছুর পর এবার মনে হচ্ছে অক্ষয় কুমার আবার রাজুর চরিত্রে ফিরবেন।
জি চব্বিশ ঘন্টা
