বিশ্ব ভালোবাসা দিবস: রাবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রকৃতি সেজেছে ফাল্গুনি রঙে তাতেই ভালোবাসার এই দিবস জুড়ে প্রিয়জনদের নিয়ে একটু ঘুরোঘুরি। কখনো ক্যাম্পাসে ফুলবাগানে আবার প্রিয় প্যারিস রোড ধরে হেটেচলা। ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এইতো চিরায়ত।
তবে চোখে পড়েছে প্রেম নিয়ে বিক্ষোভ সমাবেশও। প্রতিবছরের মতো এবছরও ভালোবাসা দিবসে রাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে প্রেম বঞ্চিতরা।
তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত, কেউ পাবে, তো কেউ পাবে না; তা হবে না হবে না- এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। এছাড়া ‘চির কুমার সভা’নামের সংগঠনের সদস্যরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসের দুস্থ-অসহায় নানী ও শিশুদের একবেলার খাবারসহ আমরা বৃক্ষরোপন করেছি। এ কর্মসূচি থেকে আমরা এটা প্রচার করতে চাই যে ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা আড্ডা নয়, এদিন সকলের দুঃখকষ্ট অনুভব করে ভালোবাসা ছড়িয়ে দেওয়া সম্ভব।
মিছিল শুরুর আগে সংগঠনের সদস্যরা এম ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের বাগানে দুটি গাছ লাগান এবং মিছিলের পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া সম্প্রতি ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের স্মরণে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
