বিসিবিতে সাকিবের চিঠি, বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করছেন
চিঠি পেয়েও অবশ্য বিসিবি পুরো সন্তুষ্ট হয়নি। বিসিবি সভাপতির কথাতে সেটিরই আভাস, ‘সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেছিলেন, আজই এশিয়া কাপের দল ঘোষণা করে দিতে। কিন্তু আমি রাজি হইনি। সাকিব ১২ তারিখ (আগামীকাল) রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সঙ্গে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। টেলিফোনে তো আর এত কথা বলা যায় না। আমি তাই ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলার অপেক্ষায় আছি। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব।’
গত ২ আগস্ট সাকিব আল হাসান তাঁর অফিসিয়াল পেজবুকে একটা পোস্ট দিয়ে বেটউইনার নিউজ–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা জানান। বেটউইনার একটি অনলাইন বেটিং ও ক্যাসিনোর ওয়েবসাইট। আজ বিকালে পরিচালকদের সঙ্গে সভার পর বিসিবি সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, সাকিবকে বেটউইনারের সঙ্গে চুক্তি অথবা বাংলাদেশের পক্ষে খেলার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে।
প্রথম আলো
