রাজশাহীতে আম বোঝাই ট্রাকে তল্লাশী, ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে আম বোঝাই ট্রাক তল্লাশী করে ১২০ বোতল ফেন্সিডিল-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
আটককৃত মো: শফিকুল ইসলাম (৪০), সে চাঁপাইনবাগঞ্জ জেলার সদর থানার রাজারামপুরের মো: মোত্তাজুল ইসলামের ছেলে।
আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ শনিবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ হতে ট্রাকে ফেন্সিডিল বহন করে রাজশাহী মহানগরীর আমচত্তর দিয়ে ঢাকায় যাবে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম শাহমখদুম থানার আমচত্ত্বর মোড়ে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। রাত পৌনে ২ টায় দ্রুত গতিতে সন্দেহজনক ট্রাকটিকে আসতে দেখে দাঁড়ানোর সংকেত দিয়ে দাঁড় করিয়ে পালানোর চেষ্টাকালে মো: শফিকুল ইসলামকে আটক করেন। এসময় তল্লাশী করে ট্রাকের পিছনে আমের ক্যারেটের নীচ হতে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় ফেন্সিডিল বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার মো: সোহান নামের এক ব্যক্তি তাকে ১০ হাজার টাকার বিনিময়ে উদ্ধারকৃত ফেন্সিডিল গুলো ঢাকায় পৌছানোর জন্য দিয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পরের যোগসাজসে বিভিন্ন কৌশল অবলম্বন করে চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল পৌঁছিয়ে দেয়ার মাধ্যমে ব্যবসা করে আসছিল।
পলাতক আমাসীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
