১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ইটের প্রাচীর ধ্বসে চাপা পড়ে শ্রমিক নিহত, আহত ৬

প্রকাশিত: ১২ March ২০২২, ৭:১৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে ইটের প্রাচীর ধ্বসে চাপা পড়ে শ্রমিক নিহত, আহত ৬
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ইটের প্রাচীর ধ্বসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। এই দুর্ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে সার্ভিস কর্মীরা। শনিবার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক রিয়াজুল ইসলাম (৩৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়া ডাইং গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। আহতরা হলেন- এনামুল হক (৩৫), ফিলীপ (৪০), কাজেম আলী (২৭) ও মনজুর আলম (৩৫)। তাদেরকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বাড়ি গোদাগাড়ীর বালিয়া ডাইং গ্রামে। আর এনামুল হকের বাড়ি নগরের হেতেম খাঁ এলাকায়। আহত বাকি দুইজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ওই এলাকার এনতাজ আলী নামের এক ব্যক্তির জায়গায় গত দুইদিন ধরে বাড়ি নির্মাণের জন্য ভিত্তি খননের কাজ চলছিল। সেখানে ১৭ জন শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার বিকালে হঠাৎ দেয়াল ধ্বসে পড়ে। এতে ৭ জন শ্রমিক মাটির নিচে চাপা পড়ে।

নির্মাণাধীন ভবনের শ্রমিক রাজিব হোসেন জানান, আমরা এখানে একটি বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে ভিত্তির জন্য মাটি খোড়াখুড়ির কাজ করছিলাম। পাশেই বাউন্ডারি ওয়ার ছিল। মাটি খোড়ার কারণে বাউন্ডারি ওয়ালটি ধসে যায়। ওয়ালের পাশেই ইটের খোয়া ছিল। বাউন্ডারি ওয়াল ধসে পড়লে ইটের খোয়াও এর উপরে পড়ে যায়।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুর রউফ বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে আমাদের উদ্ধার কাজ শেষ হয়। আমরা একজনকে মৃত অবস্থায় এবং ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের মধ্যে একজন মারা যায়। বাকি ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন