রাজশাহীতে গভীর রাতে হোটেলে অভিযান, ২২ জন আটক
রাজশাহীর একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১১ জন তরুণ ও ১১ জন তরুণীকে আটক করা হয়েছে। এ ছাড়া হোটেলের ব্যবস্থাপকসহ আরও দুজনকে আটক করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায় হোটেল গ্র্যান্ডে অভিযান চালানো হয়।
অভিযোগ রয়েছে, এই হোটেলে অসামাজিক কার্যকলাপ চলত। মাদক কারবারও হতো। তবে অভিযানের পর গা-ঢাকা দিয়েছেন এর মালিক।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম জানান, হোটেলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ পেয়ে রাতে আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালায়। এ সময় হোটেলটি থেকে বিভিন্ন স্কুল-কলেজের ২২ শিক্ষার্থীকে আটক করা হয়। এই শিক্ষার্থীরা দশম শ্রেণি থেকে স্নাতক পর্যায়ে পড়াশোনা করে। আটক ২২ জনের মধ্যে ১১ জন তরুণ ও ১১ জন তরুণী। এ ছাড়া হোটেল থেকে এর ব্যবস্থাপকসহ আরও দুজনকে আটক করা হয়েছে। সবার বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
