রাজশাহীতে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
শুক্রবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভগবন্তপুর মাষ্টারপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে মো: সাইদুর রহমানের একটি ট্রাক গত ১৫ জুন রাত ৪ টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া ট্রাক টার্মিনাভের ভিতরে মো: শহিদ মিস্ত্রীর ট্রাক গ্যারেজ হতে চুরি হয়। সাইদুর রহমানের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশের একটি টিম চোরাই ট্রাক উদ্ধার-সহ চোরকে গ্রেফতারে অভিযান শুরু করেন। আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৬ জুন রাত পৌনে ১০ টায় অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর পবা থানার পূর্বপুঠিয়া পাড়া এলাকায় হতে চোরাই ট্রাকটি উদ্ধার করে।
ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
