রাজশাহীতে ছুরিকাঘাতে রেল কর্মচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে রেল কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত হলেন- সোহেল রানা (৩৫)। তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। সোহেল রেলওয়েতে ওয়েম্যান পদে চাকরি করতেন।
মঙ্গলবার (৫ জুন) রাতে মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মদ কেনা নিয়ে সোহেল ও ফারুকের দ্বন্দ্ব হয়। এসময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ফারুক সোহেলকে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার সময় ধস্তাধস্তিতে রাস্তার উপর পড়ে গিয়ে ফারুকও আহত হয়। এসময় দুইজনই মদ্যপ অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কিভাবে সোহেল নিহত ও ফারুক আহত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছে ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছে। কিন্তু ফারুক বলছে তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
