রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ দুই ভাই গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ দুই ভাইকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত দুই ভাই মো: মাসুদ রানা (২৮) ও মো: রুবেল আলী (২০)। তারা রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাজারদিয়াড় গ্রামের মো: হাজমত আলীর ছেলে।
আাজ রোববার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২৩ এপ্রিল বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৪ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো: মাসুদ রানা ও মো: রুবেল আলীকে গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে ১৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা সম্পর্কে দুই ভাই। ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো নগরীর বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করার জন্য তাদের কাছে রেখেছিলো।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
