রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বেলপুকুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম সজিব (২২)। তিনি রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকার বাবুর ছেলে। গুরুতর আহত যুবকের নাম প্রিন্স (২২)। তিনি নগরীর সপুরা বিসিক এলাকার শাবান ইসলামের ছেলে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রাতে একদল যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। বেলপুকুর থানার সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকের বাম্পার ভেঙে বাইকের সামনের অংশ ট্রাকের সামনের অংশে ঢুকে যায়।
এতে দুই আরোহী গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে ভর্তি করা হয়েছে।
