রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে দ্বীপ বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার ফুটপাতে অনেকেই মর্নিং ওয়ার্ক করছিলেন। এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিনের ওপর বসে ছিলেন ওই যুবক। ট্রেনটি ডিঙ্গাডোবা এলাকায় পৌঁছালে চলন্ত ইঞ্জিনের ওপর থেকে হঠাৎ দ্বীপ বাবু রেললাইনের ওপর ছিটকে পড়ে যান। পরে ওই ট্রেনেই কাটা পড়ে তার মৃত্যু হয়। সবার ধারণা ও যুবক মানসিক ভারসাম্যহীন।
রাজশাহীর গভার্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার কর্মকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খবর পেয়ে নিহত যুবকের বাড়ির লোকজনও থানায় আসে। এ সময় তার নাম পরিচয়ও শনাক্ত করা হয়। নিহত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলানিউজ
