রাজশাহীতে ডিবি পুলিশ সেজে নারীকে তল্লাশির চেষ্টা, আটক ২
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ভুয়া ডিবি পুলিশ সেজে রিকশা থামিয়ে দুই নারী যাত্রীকে তল্লাশিচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মো: সোহান (২২) সে রাজশাহী জেলার চারঘাট থানার মো: মাহাবুবের ছেলে ও অপর আসামি মো: সেলিম ইসলাম মির্জা (২২)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলাম মির্জার ছেলে।
আজ সোমবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মো: খোকন আলীর স্ত্রী ও বোন রোববার সকাল সাড়ে ১০ টায় রিক্সায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলো। যাওয়ার সময় বোয়ালিয়া মডেল থানার রাণীনগর এলাকায় দুই যুবক খোকনের স্ত্রী ও বোনের রিক্সার গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খোকনের স্ত্রী ও বোনের দেহ তল্লাশি করতে চায়। খোকনের স্ত্রী ও বোন দেহ তল্লাশি করতে না দিতে চাইলে তাদের থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। ঘটনাটি দেখে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসে। আশপাশের লোকদের আসতে দেখে তারা পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা আসামিদেরকে আটক করে এবং ৯৯৯ কল করে ঘটনাটি জানায়।
৯৯৯ এর তথ্য অনুসারে বোয়ালিয়া মডেল থানার ডিউটিরত অফিসার এসআই এম.এ.টি.এম জুলিফিকার হায়দার ও তার টিম স্থানীয়দের সহযোগিতায় মো: সোহান ও মো: সেলিমকে আটক করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
