রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন।
আজ শনিবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারির পদ্মা লাইব্রেরী থেকে আলুপট্টি পর্যন্ত পরিচ্ছন্ন কার্যক্রম করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নিজে অংশ গ্রহণ করেন।
এসময় তিনি রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা ঝাড়ুদিয়ে নিজ হাতে পরিষ্কার করেন এবং সেগুলো রাস্তা থেকে বস্তায় ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে দেন।
পরিচ্ছন্নতা অভিযান চালানোর আগে মনোজ কুমার জানান, বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতে প্রতি বছর ১৪ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস পালন করা হয়। তারই অংশ হিসেবে বিশ্বের সব রাষ্ট্রের ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের কার্যালয়েও দিবস উপলক্ষে প্রতীকী আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়। এতে দুই ঘণ্টা করে অভিযান চালানো হয়। ভারতজুড়ে ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
.jpg)
বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ভারতীয় হাইকমিশনে ২০১৪ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছতা অভিযানটি প্রথম শুরু করা হয়েছিল৷ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লির রাজঘাটে ২০১৪ সালের ২ অক্টোবর এই প্রচারাভিযানটি আনুষ্ঠানিকভাবে চালু করেন৷ এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও আজ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করল ভারতীয় হাইকমিশন।
