রাজশাহীতে সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় বিএনপির দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মহানগর বিএনপি। সদস্য সচিব মো. মামুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির বিবৃতিতে বলা হয়- বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর ও জেলা বিএনপি নগরের ভুবনমোহন পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে সমাবেশে আগত নেতা-কর্মীদের ভুল–বোঝাবুঝির কারণে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে জন্য আন্তরিকভাবে দুঃখিত।
এর আগে সমাবেশের দিন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদও ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেন।
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি জানান, তারা বিএনপিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। দলটি যেহেতু তাদের সাংগঠনিক প্যাডে দুঃখ প্রকাশ করেছে, তাই তাদের ঘোষিত ৭২ ঘণ্টার আল্টিমেটাম স্থগিত করা হয়েছে। বিএনপি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বলেও আশা করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রতিবাদ সমাবেশে চ্যানেল ২৪’র ক্যামেরা পারসন আখতারুজ্জামান লেলিন, সময় টেলিভিশনের ক্যামেরা পারসন আবদুস সালাম, দীপ্ত টেলিভিশনের রফিকুল ইসলাম, এসএ টিভির ক্যামেরা পারসন আবু সাঈদ, জিটিভির ক্যামেরা পারসন রবিউল ইসলাম খোকন এবং নিউজ ২৪’র ক্যামেরা পারসন সামিউল আলিম বাপ্পীকে লাঞ্ছিত করেন বিএনপি নেতাকর্মীরা।
