১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ২ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৯ January ২০২৩, ৫:৫৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ২ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরীতে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ। এসময় আসামিদের হেফাজত হতে ২ টি মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ীর মো: রাকিব আলীর ছেলে মো: রিফাত (১৯)), বারইপাড়ার মৃত মাজেদের ছেলে মো: রাসেল আহম্মেদ (১৯) ও মৃত আসাদুলের ছেলে উজ্জ্বল (২০)।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাল ৭ জানুয়ারি বিকেলে শাহমখদুম থানার একটি টিম থানা এলাকায় বিশেষ টহল ডিউটি করছিল। এসময় থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া বটতলা মোড়ে কতিপয় ব্যক্তি চোরাই মোটরসাইকেল বিক্রয় করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে মো: রিফাতকে একটি চোরাই মোটরসাইকেল-সহ আটক করেন।

রিফাতকে জিজ্ঞাসাবাদে পুলিশকে সে জানায়, চোরাই মোটরসাইকেলটি তাকে রাসেল ও উজ্জ্বল বিক্রি করার জন্য দিয়েছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, তাদের কাছে আরেকটি চোরাই মোটরসাইকেল বায়া বাজারের একটি বাসায় আছে। রিফাতের দেওয়া তথ্যমতে শাহমখদুম থানার ঐ টিম আজ ৮ জানুয়ারি ২০২৩ (৭ জানুয়ারি ২০২৩ দিবাগত) রাত আড়াইটায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার বায়া বাজারের একটি বাড়ি হতে আসামি রাসেল ও উজ্জ্বলকে ১ টি চোরাই মোটরসাইকেল-সহ আটক করেন। উল্লেখ্য, তাদের নিকট হতে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, সন্তু ও মোমিন চোরাই মোটরসাইকেল ২ টি বিক্রি করার জন্য তাদের দিয়েছিল। আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত মোটর সাইকেল-সহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে থাকে বলে স্বীকার করে।

পুলিশ কর্তৃক ২ টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে শাহমখদুম থানায় ১ টি উদ্ধারজনিত মামলা রুজু হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন