রাজশাহীতে ৬ জুয়াড়ি আটক
রাজশাহী মহানগরী’র বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন মো: মোক্তার হোসেন (৫০), মো: আবু সাঈদ (৫৩), মো: শুকুর আলী (৩৫), মো: আমিনুর শেখ (৬০), শ্রী দ্বীপক কুমার সরকার (৩৮) ও মো: শাহারুল ইসলাম জাহিদ (৪৫)। মোক্তার রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল মাছুয়াপাড়ার মৃত ইসাহাক বিশ্বাসের ছেলে, সাঈদ একই থানার শিরোইল কাঁচাবাজারের মৃত সাকিরের ছেলে, শুকুর আলী শিরোইল বাস্তুহারা পাড়ার মৃত চান্দু শেখের ছেলে, আমিনুর চন্দ্রিমা থানার শিরোইল কলোনির মৃত পুলাদ শেখের ছেলে, দ্বীপক কুমার নওগাঁ জেলার সদর থানার নওগাঁা নাপিতপাড়ার শ্রী দিলীপ সরকারের ছেলে ও শাহারুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া জঙ্গলমারা গ্রামের মো: আব্দুর রহমানে ছেলে।
আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজশাহী মহানগর এলাকায় অভিযান পরিচালনা করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগোল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা পৌনে ৭ টায় বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
তাদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
