১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী অঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

প্রকাশিত: ১৮ May ২০২২, ১:০০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহী অঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী অঞ্চলে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০জন। বুধবার (১৮ মে) রাজশাহী বিভাগের নাটোরের বড়াইগ্রাম দু’জন, সিরাজগঞ্জে দু’জন ও বগুড়ায় এক জনের মৃত্যু হয়।

জানা গেছে- নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মনিরুজ্জামান (৩৫) ও আল-মাহবুব (৪৩)। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন। বুধবার (১৮ মে) ভোর রাতে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মাহবুব চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে ও চালক মনিরুজ্জামান একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সিরাজগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন। বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মাহসড়কে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের রোজিনা সুলতানা (৩৭) ও একই গ্রামের নাজমুল হাসানের মেয়ে আয়েশা খাতুন (৬)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া, বগুড়ার শেরপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর নয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি দাঁড়িয়ে থাকা ট্রাকে চালকের সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রড বোঝাই ট্রাক (ঢাকা-মেট্ট-ট-১৮-৭৯৫৯) দিনাজপুরে দিকে যাচ্ছিল। বুধবার সকালে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা নষ্ট হয়ে যায়। নষ্ট চাকা ঠিক করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন সহকারী আলমগীর। এসময় ঠাকুরগাঁওগামী আরেকটি ট্রাক (ঢাকা-মেট্ট-ট-১৮-৭৭৫২) দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানী-উল-আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক সুমন হোসেনকে আটক করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন