১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাসিক নির্বাচন: জামানত হারালেন তিন মেয়র প্রার্থী

প্রকাশিত: ২২ June ২০২৩, ৬:৫৭ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাসিক নির্বাচন: জামানত হারালেন তিন মেয়র প্রার্থী
বিজ্ঞাপন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে হেরে জামানত হারিয়েছেন অপর তিন প্রার্থী। বুধবার রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে ইসলামী আন্দোলন, জাকের পার্টি ও জাতীয় পার্টির প্রার্থী জমানত রক্ষার জন্য প্রয়োজনীয় ভোট পাননি।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, নৌকার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। এছাড়া জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার ১১ হাজার ৭১৩ ভোট ও জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রাপ্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। রাসিক নির্বাচনে চার মেয়রপ্রার্থী ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ২৪ হাজার ৪৭০ ভোট। কিন্তু খায়রুজ্জামান লিটন ছাড়া অন্য তিন মেয়রপ্রার্থীর কেউই এই ভোট পাননি।

রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তিন প্রার্থীই জামানত হারিয়েছেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া বাতিল ভোটের সংখ্যা আরও ২ হাজার ৭০।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম বলেন, ‘আমি এক সপ্তাহ আগেই ভোট বর্জন করেছিলাম। নিজেও ভোট দেইনি। ভোট বর্জন না করলে আরও বেশি ভোট পেতাম। জামানত বাজেয়াপ্ত হত না। বর্জনের পরও ভোটাররা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। ভোট বর্জন করলে জামানত রক্ষার আশা করা ঠিক না।

জানতে চাইলে জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার বলেন, ‘জামানত কোনো বিষয় না। আমাদের আদর্শ প্রচারের জন্যই ভোটে দাঁড়িয়েছিলাম। আমরা সফল হয়েছি। মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। জনগণকে ভালোবাসা দিয়ে যেতে চাই।’

জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘ইভিএমে ভোট হওয়ায় আমার ভোট কমেছে। যে ফলাফল এসেছে, তাতেই আমি খুশি। চেষ্টা করেছি জনগণের পাশে থাকার, থেকেছি, থাকব। জামানত কোনো বিষয় না।’

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন