রোনাল্ডোর আবেগঘন স্ট্যাটাস দেখে যা বললেন পেলে
কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ জেতার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কারণ এই পর্তুগিজ নাবিকের হাতেই তো বদলেছে ফুটবলের অনেক রঙ, মোহে ভরেছে অনেক প্রেমময় রাত-দিন। তার পরও শেষ বিশ্বকাপ মাঝপথে শেষ করা রোনাল্ডোকে ভোগাচ্ছে।
ম্যাচশেষে অশ্রুসজল চোখে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নেন পর্তুগালের এ তারকা। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
রোনাল্ডোর আবেগময় সেই স্ট্যাটাসে কমেন্ট করেন ফুটবল সম্রাট পেলে। ৮২ বছর বছর বয়সি ব্রাজিল ফুটবল কিংবদন্তি রোনাল্ডোকে বন্ধু আখ্যা দিয়ে লেখেন— ‘আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ধন্যবাদ, আমার বন্ধু।’
প্রসঙ্গত, পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ থেমে গেল শেষ আটে। এটি মেনে নিতে পারছেন না রোনাল্ডো।
আর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন স্ট্যাটাস দেন এ তারকা।
সামাজিক মাধ্যমে রোনাল্ডো লেখেন— পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত পর্তুগালসহ আন্তর্জাতিক পর্যায়ে আমি অনেক শিরোপা জিতেছি। কিন্তু বিশ্বকাপ জিতে পর্তুগালের নাম সর্বোচ্চ পর্যায়ে লেখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি ওই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেছি, লড়াই করেছি।
তিনি লেখেন, ১৬ বছরের ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপ খেলেছি। বড় খেলোয়াড়দের পাশে পেয়েছি। লাখ লাখ পর্তুগিজের সমর্থন পেয়েছি। সবটা উজাড় করে খেলেছি। মাঠে সর্বোচ্চটা দিয়েছি। কখনো ভয়ে লড়াই করা থেকে মুখ ফিরিয়ে নিইনি। কখনো স্বপ্ন দেখা ছাড়িনি। দুঃখের বিষয় হলো— গতকাল ওই স্বপ্ন শেষ হয়ে গেছে। এই কষ্ট বোঝানোর মতো নয়।
তিনি আরও লেখেন, আপনাদের জানাতে চাই যে, আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, লেখা হয়েছে এবং ধারণা করা হয়েছে। তাতে পর্তুগালের প্রতি আমার আত্মনিবেদন একটুও কমেনি। আমি সবসময় সবার সঙ্গে লড়াই করার মন্ত্রে অবিচল ছিলাম এবং আমার সতীর্থ ও দেশের দিক থেকে কখনো মুখ ফিরিয়ে নিইনি। আর কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার, যতক্ষণ স্বপ্ন টিকে ছিল তা সুন্দর ছিল।
যুগান্তর
