‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের আইনের মুখোমুখি হতে হবে’ রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে যারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন, তাদের আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন দুই সাংবাদিক। এ নিয়ে দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিএমডিএ। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হননি।
সাংবাদিকেরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাকানের রোহিঙ্গা সম্প্রদায়কে উচ্ছেদ করা হয়েছে। ১২ লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আছে। এখন শুনছি, আরাকান আর্মি নামের আরেকটা গোষ্ঠীর সঙ্গে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হচ্ছে। তাদের যখন অ্যাটাক করতে যাচ্ছে, তখন কিছু কিছু গোলা আমাদের এখানে এসে পড়ছে।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘সীমান্তে এভাবে গোলা আসার ব্যাপারে আমাদের বিজিবি স্ট্রং প্রটেস্ট জানিয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই দেশের অ্যাম্বাসেডরকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। আশা করি, এই ধরনের গোলাগুলি বন্ধ হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল ও জেলার পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।
