সিরাজগঞ্জে বাসচাপায় স্কুল ছাত্রী নিহত
গ্রীনসিটি ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গায় বাবার সঙ্গে বেড়াতে যাবার পথে বাসচাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (৮ মে) সকালে উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
নিহতের ভাই হাসিনুর রহমান জানান, রোববার সকালে তাড়াশ থেকে তার বাবা মোটরসাইকেলযোগে শ্রেয়সীকে নিয়ে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এত শ্রেয়সী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে তার মাথার উপর দিয়ে হানিফ পরিবহনের একটি গাড়ির চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সূত্র: সময় টিভি
