১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘স্কুল-কলেজ ড্রেস পরে পদ্মাপাড়ে বসে থাকলে ব্যবস্থা’

প্রকাশিত: ৭ August ২০২৩, ১০:০০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
‘স্কুল-কলেজ ড্রেস পরে পদ্মাপাড়ে বসে থাকলে ব্যবস্থা’
বিজ্ঞাপন

স্কুল-কলেজের ড্রেস পরে যারা পদ্মাপাড়ে বসে থাকে, তাদের বিরুদ্ধে আগামীকাল থেকেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

গত রোববার আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়া বিপ্লব বিজয় তালুকদার আজ সোমবার বিকেলে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

সভায় পুলিশ কশিমনার বলেন, আমরা জানি মিডিয়া হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং তৃতীয় নয়ন। মিডিয়ার কারণে আমরা ঘটে যাওয়া যে কোনো বিষয়ে জানতে পারি। সমাজের নানা সমস্যাগুলো আপনারাই তুলে ধরেন। এই নগরীকে নিরাপদ রাখতে কি প্রয়োজন তার প্রয়োজনীয় পরামর্শ দিবেন। আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, এই সুন্দর রাজশাহী নগরীর নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে আরও সিসি ক্যামেরা স্থাপন , নাইট ভিশন ক্যামেরা, ফেইস এবং গাড়ীর নম্বর আইডেন্টি ফিকেশন সিস্টেম চালু করা হবে। ট্রাফিক ব্যবস্থাকে অত্যাধুনিক করার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। আমরা রাজশাহী মহানগরীকে দুবাই ও সিউলের মত ‘নিরাপদ নগরী’ হিসাবে গড়ে তুলতে চাই।

রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে আরএমপি কমিশনার বলেন বলেন, ‘আমরা যদি দেখি কোনো একটি মহল উসকানি দিচ্ছে বা কোনো একটি মহল রাস্তাঘাটে নেমে সুন্দর এই শান্তির শহরকে, এই গ্রিন সিটির গ্রিন যদি কেউ রক্তে লাল করতে চায়, আমরাও বিনা হাতে ফিরে আসব না। আমরাও তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেব। আমরাও তাদের সমুচিত জবাব দেব।’

বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘আপনারা সেই ’১৩, ’১৪, ’১৫ সালের পুলিশ আমাদের মনে করবেন না। সাধারণ মানুষের গায়ে যদি হাত পড়ে, আমাদের পুলিশের গায়ে যদি হাত পড়ে, সেই হাত আস্ত থাকবে না। আমরা আইনের মাধ্যমে সেই হাতের বিচার করব। সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আমাদের সহজ-সরল মানসিকতার যদি কেউ জটিল করে নিতে চায়, তাদের প্রতিও আমাদের সতর্কতা বাণী থাকল। আমরাও কিন্তু ছেড়ে কথা বলব না।’

নগরের সিঅ্যান্ডবি মোড়ে আরএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় সাংবাদিক ও আরএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা নগরের বিভিন্ন বিষয়ে নতুন পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে বিপ্লব বিজয় বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদক, জুয়া ও পতিতাবৃত্তির পক্ষে অবস্থান নেন, তাহলে তিনি আরএমপিতে থাকতে পারবেন না। শহরে যেসব কিশোর-তরুণে সাইলেন্সারের মুখ বড় করে প্রচণ্ড গতিতে উচ্চ শব্দে বাইক হাঁকিয়ে বেড়ায়, আগামীকাল থেকেই তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। স্কুল-কলেজের ড্রেস পরে যারা পদ্মাপাড়ে বসে থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আগামীকাল থেকেই।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যুরো চিফ ও রিপোর্টারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ক্যামেরা পার্সোনেল, অনলাইন টিভি এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা। প্রথম  আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন