২৮ মার্চ গণটিকার দ্বিতীয় ডোজ
দেশে গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী ২৮ মার্চ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
গত ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার কার্যক্রম শুরু করে টিকাগ্রহীতাদের আগ্রহের কারণে পরে তা আরও দুদিন বাড়ানো হয়।
জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন প্রায় তিন কোটি ৮৬ লাখ মানুষ।
গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একদিনে ১ কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়ে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। এর পর টিকাদান কেন্দ্রগুলোয় ভিড় বাড়তে থাকে।
দেশে গত বছর ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের হিসাবে রোববার পর্যন্ত ১২ কোটি ৫৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।
