১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ভারত–পাকিস্তান ম্যাচের গুরুত্ব কত, বোঝেন বাবর–কোহলি

প্রকাশিত: ২৮ August ২০২২, ৫:২২ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
ভারত–পাকিস্তান ম্যাচের গুরুত্ব কত, বোঝেন বাবর–কোহলি
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

ক্রিকেটপ্রমীদের উত্তেজনা আর সাবেক ক্রিকেটারদের কথার লড়াই যেন খেলোয়াড়দের স্পর্শ করতে না পারে, দুই দলের ম্যানেজমেন্টই খেয়াল রাখছে সেদিকে। কারণ, খেলোয়াড়দের ওপর ওই উত্তেজনা ভর করলে তার প্রভাব পড়বে মাঠের পারফরম্যান্সে।

এই তো দুদিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলী বলেছেন, এটা বিশেষ কিছু নয়, শুধুই আরেকটা ক্রিকেট ম্যাচ। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট থেকেও বলা হচ্ছে একই রকমের কথা।

কিন্তু টিম ম্যানেজমেন্ট যতই খেলোয়াড়দের শান্ত রাখার চেষ্টা করুক, ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কত, সেটা ঠিকই বোঝেন দুই দেশের খেলোয়াড়েরা। কিছুটা হলেও বাইরে থেকে আসা উত্তেজনা ছুঁয়ে যায় তাঁদেরও। এ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও বলেছেন সেটাই।

স্টার স্পোর্টসের সঙ্গে কথপোকথনের সময় প্রসঙ্গটি এলে কোহলি বলেছেন, ‘অন্য যেকোনো ম্যাচের চেয়ে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে বাইরে অন্য রকম যে আবহ তৈরি হয়, সেটা থেকে আমি দূরে থাকতে পারব না।’ কোহলি অবশ্য এর সঙ্গে যোগ করেন, ‘কিন্তু এটা তো আর বিশ্বকাপের ম্যাচ নয়।’ এ ছাড়া মাঠে নামলে যে বাইরের আবহ নিয়ে খেলোয়াড়েরা ভাবেন না, সেটাও বলেছেন কোহলি, ‘(মাঠে পা রাখলে) এটা আপনার কাছে আরেকটি ক্রিকেট ম্যাচের মতোই মনে হবে…সব সময়কার ব্যাপার।’

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে নামলে অন্য রকম শিহরণ বোধ করেন কি না, এমন এক প্রশ্নের উত্তরে বাবর বলেছেন, ‘বিশ্বের প্রতিটি ক্রিকেটপ্রেমী এ লড়াইয়ের জন্য অপেক্ষায় থাকে। আমরা ক্রিকেটাররাও এ ম্যাচে খেলাটা উপভোগ করি। দুই দলই তাদের সমর্থকদের খুশি করতে সর্বোচ্চ চেষ্টা করে।’

ভারত-পাকিস্তান সর্বশেষ ম্যাচটি হয়েছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সেই স্মৃতি পাকিস্তানকে এশিয়া কাপের এ ম্যাচে এগিয়ে রাখবে কি না, এমন প্রশ্নের উত্তরে বাবর বলেছেন, ‘সত্যি বলছি, সেই ম্যাচ এখন অতীত। রোববারের (আজ) ম্যাচে এটা কোনো প্রভাব ফেলবে না। দল অনেকটাই ভিন্ন, কন্ডিশনও আলাদা।’

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন