দেশসেরা হওয়ায় রাজশাহী কলেজে আনন্দ র্যালি
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে টানা চতুর্থবার দেশসেরার স্বীকৃতি পাওয়ায় রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ র্যালি করেছেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী কলেজের রজনীকান্ত মঞ্চের সামনে থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা একটি আনন্দ র্যালি বের করে। র্যালিটি কলেজের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজের মুল ফটকে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষক শিক্ষার্থীরা একে অন্যকে মিষ্টি মুখ করান।

র্যালিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক নেতৃত্ব দেন। এতে কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: হবিবুর রহমানসহ সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।
গত ৩ সেপ্টেম্বর দেশসেরা হিসেবে পদ্মাপাড়ের এই কলেজটির নাম ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরম্যান্স র্যাকিং ২০১৮ অনুযায়ী জাতীয় পর্যায়ে ৭০.৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ। এনিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরপর চারবার দেশ সেরা কলেজ নির্বাচিত হলো।
আরো পড়ুন …জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ঘোষণা : আবারও শীর্ষে রাজশাহী কলেজ
