কেট উইন্সলেট হাসপাতালে
গ্রীনসিটি ডেস্ক:
সিনেমার শুটিং চলাকালে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন ‘টাইটানিক’ সিনেমার অভিনেত্রী কেট উইন্সলেট। রবিবার (১৮ সেপ্টেম্বর) ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার ডটকম এই তথ্য নিশ্চিত করেছে।

হলিউড রিপোর্টার ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ায় হিস্টোরিক্যাল ড্রামা ‘লি’র শুটিং করছিলেন ৪৬ বছর বয়সী কেট। এসময় পা পিছলে পড়ে যান। তবে এখন তিনি ভালো আছেন। চলতি সপ্তাহের যে শিডিউল ছিল, সে অনুযায়ী শুটিংয়ে অংশ নেবেন কেট।
![]()
এদিকে অস্কারজয়ী হলিউড অভিনেত্রীর একজন প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন।
জানা গেছে, এলেন কুরাস পরিচালিত ‘লি’ নামের ফিচার ফিল্মটিতে লি মিলারের ভূমিকায় অভিনয় করছেন কেট উইন্সলেট। লি মিলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভোগ সাময়িকীর মডেল থেকে ফটোগ্রাফারে রূপান্তরিত হন। ছবির মাধ্যমে নাৎসিদের বন্দিশিবিরে সংঘটিত নৃশংসতার প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে খ্যাতি কুড়ান মিলার।
