পদ্মায় নৌকা ডুবিতে দু’জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
পদ্মায় নৌকা ডুবির ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পবা উপজেলার দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারে চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন আসিয়া ও রাশেদা। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় পদ্মার ধারে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগ ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লাশ রামেক হাসাপাতলের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা ।
