১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৫০১৭০২ শিক্ষার্থী পাবে নতুন বই

প্রকাশিত: ৭ December ২০২২, ৩:০৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শিক্ষা, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে ৫০১৭০২ শিক্ষার্থী পাবে নতুন বই
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ২০২৩ সালে প্রথম থেকে নবম শ্রেণি (জেনারেল) পর্যন্ত শিক্ষার্থী ৫ লাখ ১ হাজার ৭০২ জন। এই শিক্ষার্থীরা পাবে ৪৫ লাখ ১ হাজার ১৯০টি নতুন বই। ইতোমধ্যে রাজশাহীর জেলা ও উপজেলায় সরকারি এই বইগুলো পাঠানো হচ্ছে। বইগুলো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গোডাউনে রাখা হচ্ছে। সেখান থেকে সময়মতো বইগুলো চাহিদা অনুযায়ি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে বিতরণের লক্ষ্যে বলে সংশ্লিষ্টরা জানান।

রাজশাহী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে- রাজশাহীতে প্রাথমিক পর্যায়ে স্কুল রয়েছে ১ হাজার ৯৫০টি। এসব স্কুলে ২ লাখ ৭৫ হাজার ২৩২ জন শিক্ষার্থীর বইয়ে চাহিদা রয়েছে ১২ লাখ ৩০ হাজার ৫১০টি। জেলায় মাধ্যমিক পর্যায়ে স্কুল রয়েছে ৫৪৫টি। এসব স্কুলে ২ লাখ ২৬ হাজার ৪৭০ জন শিক্ষার্থীর বইয়ে চাহিদা রয়েছে ৩২ লাখ ৭০ হাজার ৬৮০টি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বছরের প্রথম দিন নতুন বই দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তাই শেষ সময়ে শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত, ঢাকা থেকে আসা বইগুলো গ্রহণে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা পর্যায়ের শিক্ষা অফিসগুলো। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সামনে ভর্তি ট্রাক থেকে নতুন বই নামাতে শ্রমিকদের দেখা যায়। এদিন ষষ্ঠ শ্রেণির পাঁচটি বিষয়ের বই নিয়ে আসা হয়েছে। সেই বইগুলো রাখা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের দু’টি শ্রেণি কক্ষে। বইগুলো আগামি বছর (২০২৩ সাল) শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। বিগত বছরগুলোর ন্যায় পহেলা জানুয়ারি এই নতুন বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

এবিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হক জানান, আমার শিক্ষাপ্রতিষ্ঠানে বই রাখা হচ্ছে মাধ্যমিক পর্যায়ের। এখান থেকে আশে-পাশের স্কুলের বইগুলো সরবরহ করা হবে। করোনার কারণে বিগত কয়েক বছর বই উৎসব হয়নি। এবছর সবকিছু ঠিকঠাক থাকলে বই উৎসব হতে পারে। জেলার মতিহার থানা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মচারী মফিজুল ইসলাম জানান, অষ্টম, নবম শ্রেণির বেশির বই এসেছে। সপ্তম শ্রেণির বই আসেনি। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বই কিছুটা এসেছে। আমরা আশা করছি; নির্ধারিত সময়ের মধ্যে সব বই চলে আসবে রাজশাহীতে।

রাজশাহী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, কিছু কিছু বই এসেছে। বইগুলো উপজেলায় পাঠানো হচ্ছে। বাকি বইগুলো নির্ধারিত সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। গত বছরের চেয়ে এসব শিক্ষার্থী কম? এমন কথা উত্তরে তিনি বলেন, ‘ড্রপ আউট হয়েছে। কারও বাল্য বিয়ে হয়েছে। অনেকেই পড়াশোনা ছেড়েছে ইত্যাদি কারণ।’

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ২০২৩ সালে প্রাথমিক পর্যায়ে বইয়ে চাহিদা পাঠিয়েছি ১২ লাখ ৩০ হাজার ৫১০টি। ১ হাজার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১ হাজার ৯৫০টি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ২৩২ জন। তারাও এই তালিকায় রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন