১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ইংল্যান্ডের বিপক্ষে ‘ভাগ্যবান’ ছিল ফ্রান্স: দেশম

প্রকাশিত: ১১ December ২০২২, ৫:৩০ pm | বিভাগ: খেলাধুলা, ফুটবল বিশ্বকাপ ২০২২, সব খবর
ইংল্যান্ডের বিপক্ষে ‘ভাগ্যবান’ ছিল ফ্রান্স: দেশম
বিজ্ঞাপন

ইংল্যান্ডকে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হারাতে ফ্রান্সের জন্য ভাগ্য কিছুটা সহায় ছিল বললেন কোচ দিদিয়ের দেশম। শনিবার আল বায়াত স্টেডিয়ামে ২-১ গোলে গতবারের সেমিফাইনালিস্টদের হারিয়ে শেষ চারে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

অলিভিয়ের জিরুদের গোলে ২-১ এ এগিয়ে গিয়েছিল ফ্রান্স। প্রথম পেনাল্টিতে হ্যারি কেইন গোল করলেও দ্বিতীয় পেনাল্টি ক্রসবারের উপর দিয়ে মারেন। বিদায় নেয় ইংল্যান্ড।

ম্যাচ শেষে দেশম বললেন, ‘এটা চমৎকার, এটা ছিল বড় ম্যাচ। আমরা দুর্দান্ত ইংল্যান্ড দলকে খেলেছি যারা কৌশলগত ও শারীরিকভাবে শক্তিশালী।’

১৯৯৮ সালে ব্রাজিলের পর প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পৌঁছালো ফ্রান্স। দেশম উচ্ছ্বসিত, ‘আবারও শেষ চারে ওঠা খেলোয়াড়দের জন্য অসাধারণ। এই মুহূর্তে আপনি চাইবেন, সময়টা থেমে যাক। কিন্তু আজ রাতে আমরা এটা উপভোগ করবো। আমরা কিছুটা ভাগ্যবান ছিলাম, আমাদের বিরুদ্ধে দুটি পেনাল্টি ছিল। আমরা আমাদের অন্তর ও সাহস দিয়ে লিড ধরে রেখেছিলাম।’

এই টুর্নামেন্টের শুরুতে থিয়েরি অঁরিকে টপকে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হওয়া জিরুদ বললেন, ইংল্যান্ডকে হারাতে ফ্রান্সকে সেরা পারফরম্যান্স করতে হতো। ফরাসিদের জার্সিতে ৫৩তম গোল করা এই ফরোয়ার্ড বললেন, ‘আজকের গোল, ৫৩তম, এটা আরও ভালো (থিয়েরি অঁরিকে ছোঁয়ার চেয়ে)। একটু আগেই আমার একটা সুযোগ ছিল, যেটা জোরে মারতে হতো এবং গোল হতো। আমি বিশ্বাস করেছিলাম আরেকটা সুযোগ হয়তো পাবো এবং যখন পেলাম, তখন গোল করে অবিশ্বাস্য অনুভূতি হলো। আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা এই তরুণ ইংল্যান্ড দলের সম্ভাবনা সম্পর্কে জানতাম। তাদের সবকিছু আছে। বিরতিতে আমরা তাদের আঘাত করতে চেয়েছিলাম। আমাদের মানসিক শক্তির পুরোটা দিয়ে খেলেছিলাম।’

আগামী বুধবার মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল খেলবে ফ্রান্স। পুরো টুর্নামেন্টে মাত্র এক গোল খাওয়া দলটিকে সমীহ করছেন দেশম, ‘আমরা পরের ম্যাচ নিয়ে প্রস্তুতি নেবো। মরক্কো প্রশংসার দাবিদার। হয়তো তারাও এখানে (শেষ চার) আসার প্রত্যাশা করেনি। কিন্তু তারা মাত্র একটি গোল খেয়েছে, এখানে তাদের দেখা একদমই বিস্ময়কর নয়।’

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন