রাজশাহীর ‘মহানগর মডেল মসজিদ’র উদ্বোধন সোমবার
আগামি সোমবার (১৬ জানুয়ারি) সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে রাজশাহী ‘মহানগর মডেল মসজিদ’ রয়েছে। রাজশাহী নগরীর উপশহর এলাকায় অবস্থিত এই মসজিদের নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
জানা গেছে, সকাল ১১টায় প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি এসব মসজিদ উদ্বোধন করবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় জানায়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় দ্বিতীয় পর্যায়ে অর্ধশত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে।
এনিয়ে রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বেইলি রোডে প্রেস ব্রিফিং করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। মন্ত্রণালয় জানায়, ২০২১ সালের ১০ জুন ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বর্তমানে নির্মাণকাজ চলছে আরও ২৮৬টির। এরমধ্যে এ মাসে ৫০টি উদ্বোধন শেষে ফেব্রুয়ারিতে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে।
রাজশাহী গণপূর্ত অধিদফতর-১ সূত্রে জানা গেছে, প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প। এরমধ্যে রাজশাহী জেলায় ১১টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে। ইতোমধ্যে ২টি (পবা ও গোদাগাড়ি) মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হয়েছে। রাজশাহী মহানগর মডেল মসজিদটি ৪ তলা ভিত বিশিষ্ট, ৪ তলা ভবন। ভবনের আয়তন ৪ হাজার ৩৩৮.০০ বর্গমিটার।
ফ্লোর ভিত্তিক ভবনের সুবিধাগুলো হচ্ছে- নীচ তলায় গাড়ি পার্কিং, মৃতদেহ গোসলকরণ কক্ষ, বিক্রয় শাখা, ডাইনিং রুম (৪০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন), অটিজম কর্নার, গণশিক্ষা, অপেক্ষমান কক্ষ। ২য় তলায় রয়েছে নামাজের স্থান, লাইব্রেনি, উপ-পরিচালকের অফিস, সহকারী পরিচালকের অফিস, সাধারণ অফিস কক্ষ, ইসলামিক গবেষণা এবং ই-কর্নার। ৩য় তলায় রয়েছে নামাজের স্থান, সভাকক্ষ, মাল্টি পারপাস হল (১০০ জনের জন্য)। এছাড়া ৪র্থ তলায় রয়েছে, হেফজখানা (২৫ জন ছাত্র), ভিআইপি রেস্ট রুম দুইটি, হুজুরাখানা (খাদেম ও শিক্ষকসহ)। এছাড়াও ভবনের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক সিসি ক্যামেরা ও নিজস্ব অগ্নি নিরোধক ব্যবস্থা রয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নিজস্ব ২০০ কেভিএ সাব-স্টেশন ও ৩০ কেভিএ জেনারেটরের ব্যবস্থা রয়েছে।
জানা গেছে, রাজশাহীতে ১১টি আধুনিক মডেল মসজিদের মধ্যে জেলায় ১১টির মধ্যে উপজেলা পর্যায়ে ৯টি ও নগরীতে ২টি। উপজেলা পর্যায়ের সকল মডেল মসজিদ হবে ৩ তলা বিশিষ্ট। এরমধ্যে ২০২১ সালের ১০ জুন নওহাটার পবা মডেল মসজিদের উদ্বোধন হয়েছে। একই দিনে গোদাগাড়ী মডেল মসজিদের উদ্বোধন করা হয়েছে। রীতিমত এই দুই মডেল সমজিদে মুসল্লিরা নামাজ আদায় করেন।
সংশ্লিষ্টরা বলছেন, মডেল মসজিদে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সুবিশাল ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক ওজুর জায়গা। নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশুশিক্ষা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে। মডেল মসজিদে নামাজ পড়ার পাশাপাশি জ্ঞানচর্চার সুযোগ-সুবিধা থাকবে।
রাজশাহী গণপূর্ত অধিদফতর-১ এর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, আগামি ১৬ জানুয়ারি সারাদেশে দ্বিতীয় পর্যায়ের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে রাজশাহী ‘মহানগর মডেল মসজিদ’ রয়েছে। অনেক আগেই এই মসজিদের নির্মাণের কাজ শেষ হয়েছে।
