মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ মার্কিনি তারকার
মাদক খাইয়ে ধর্ষণ করা হয় মার্কিনি তারকা প্যারিস হিলটনকে। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী গ্ল্যামার ইউকে-কে এক সাক্ষাৎকার প্যারিস হিলটন এ তথ্য নিজেই দিয়েছেন। সেখানেই তার জীবনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি।
ধর্ষণের শিকারের কথা জানিয়ে প্যারিস হিলটন বলেন, বন্ধুর সঙ্গে একটি শপিং মলে ঘুরতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। ওই ব্যক্তি প্যারিসকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। তার বাড়িতে যাওয়ার পর দেখেন মদপান চলছে। না করার পরও তাকে জোর করে খাইয়ে দেয়া হয়। পরে বুঝেছিলেন পানীয়তে নেশাজাতীয় কিছু মেশানো ছিল। কয়েক ঘণ্টা পর জেগে উঠে বুঝতে পারেন তিনি হেনস্তার শিকার হয়েছেন।
ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করলেও প্যারিস হিলটন ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি। সাক্ষাৎকারে কেবল ধর্ষণের শিকার হওয়ার ঘটনাই নয়, গর্ভপাতের ঘটনাও প্রকাশ করেছেন প্যারিস হিলটন।
গত বছরই কৈশোরে যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা প্রকাশ করেন প্যারিস হিলটন। নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১৭ বছর বয়সে উটাহের প্রোভো ক্যানিয়ন বোর্ডিং স্কুলে পড়াকালে তিনি যৌন হেনস্তার শিকার হন। সেই ঘটনা নিয়ে অনেক দিন ট্রমার মধ্যে ছিলেন। এখানেই শেষ নয়, বয়স যখন বিশ, তখন গর্ভপাতও করতে হয় প্যারিস হিলটনকে!
গত মাসেই প্রথমবারের মতো মা হওয়ার খবর জানিয়েছেন প্যারিস হিলটন। এই রিয়েলিটি শো তারকা জানান, সারোগেসি পদ্ধতিতে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এবার প্যারিস হিলটন জানান, অল্প বয়সে গর্ভপাতের তিক্ত স্মৃতির কারণেই নিজের গর্ভে সন্তান ধারণের সাহস করেননি, সারোগেসি পদ্ধতির আশ্রয় নিয়েছেন।
প্যারিস হিলটন বলেন, ‘এটা (গর্ভপাত) এমন একটা বিষয়, যা নিয়ে আমি কথা বলতে চাই না। বয়স যখন মাত্র বিশের কোঠায়, তখন অন্তঃসত্ত্বা হওয়া, গর্ভপাত করা–এসবের জন্য তৈরি ছিলাম না।’
সময়
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
