১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এবার জুনিয়র এনটিআরের বিপরীতে প্রিয়াঙ্কা

প্রকাশিত: ৮ June ২০২৩, ৬:৫৯ pm | বিভাগ: বিনোদন, সব খবর
এবার জুনিয়র এনটিআরের বিপরীতে প্রিয়াঙ্কা
বিজ্ঞাপন

জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআর যে জুটি বেঁধে আসছেন তা আগেই জানা গেছে। এবার জুনিয়র এনটিআর আরও এক বলিউড নায়িকার সঙ্গে রোমান্সে মাতবেন বলে গুঞ্জন। তবে তাঁর খ্যাতি শুধু বিটাউনেই আটকে নেই। তিনি এখন গ্লোবাল স্টার। কারও আর বুঝতে বাকি নেই, এখানে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের কথা বলা হচ্ছে।

প্রিয়াঙ্কা চোপড়াকে কিছু দিন আগে অ্যামাজন প্রাইম সিরিজ ‘সিটাডেল’-এ দেখা গিয়েছিল। এই স্পাই থ্রিলারধর্মী সিরিজের সাফল্যের স্বাদ এখন তিনি উপভোগ করছেন। আগামী দিনে তাঁকে ফারহান আখতারের ‘জি লে যরা’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন আলিয়া ভাট, আর ক্যাটরিনা কাইফ। এবার রব উঠেছে, জুনিয়র এনটিআরের বিপরীতে প্রিয়াঙ্কা আসতে চলেছেন।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত এ ছবিটি পরিচালনা করবেন প্রশান্ত নীল।

প্রিয়াঙ্কার সৌন্দর্যে মুগ্ধ নিক

এর আগে তাঁর পরিচালিত ‘কেজিএফ’ ছবিটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। পিরিয়ড ড্রামা ভিত্তিক ছবিতে জুনিয়র এনটিআরকে ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যাবে। প্রশান্ত নীলের এই ছবির নায়িকার দৌড়ে দীপিকা পাড়ুকোন ও ম্রুণাল ঠাকুররের মতো নায়িকারা শামিল ছিলেন। এই দুই নায়িকার সঙ্গে ছবির নির্মাতাদের কথাবার্তা এগিয়ে ছিল। কিন্তু শেষ হাসি হাসলেন প্রিয়াঙ্কাই। তবে এই ছবির বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে জুনিয়র এনটিআর এখন ব্যস্ত ‘দেবারা’ ছবিকে ঘিরে। ছবিটিতে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের জুটির কারণে এত আলোচনা। ছবিতে সাইফ আলী খানকেও দেখা যাবে। জানা গেছে, সাইফ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এই ছবির মাধ্যমে তেলেগু ছবির দুনিয়ায় তাঁর অভিষেক হবে।

এদিকে বলিউড সুপারস্টার হৃতিক রোশন ফাঁস করেছেন যে তাঁর আগামী ছবি ‘ওয়ার টু’-তে জুনিয়র এনটিআর আছেন। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত স্পাই থ্রিলারধর্মী ছবিতে জুনিয়র এনটিআরকে সম্ভবত ভিলেনের ভূমিকায় দেখা যাবে।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন