ঘুষের অভিযোগে নির্বাচন কর্মকর্তার বাসা থেকে আ.লীগ নেতা আটক
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনের বাসা থেকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লেমনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ সরকার টেকনকে জেতাতে আবুল হোসেনের বাসায় ঘুষের টাকা নিয়ে যান লেমন। আব্দুল হামিদ সম্পর্কে লিমনের মামা।
জানা যায়, কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ সরকার টেকনকে জেতাতে ঘুষের টাকা নিয়ে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনের বাসায় যান লেমন। এ সময় এলাকাবাসী নির্বাচন কর্মকর্তার বাসা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। পরে লেমনকে ছাড়াতে তার বাবা জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল এলে তাকে লাঞ্ছিত করেন জনতা। পরে পুলিশ এসে লেমনকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন বলেন, লেমন ঘুষের টাকা নিয়ে আসেননি। তিনি আমার পূর্বপরিচিত। এসে লেমন জানতে চাচ্ছিলেন ফেয়ার ভোট হবে কিনা?
