রাসিক নির্বাচন: মধ্যরাতে থামছে প্রচারণা, আরএমপির নির্দেশনা জারি
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে আজ চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের গণসংযোগ। ২ জুন প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।
সোমবার (১৯ জুন) মধ্যরাতে থামবে ১৮ দিনের এই নির্বাচনী প্রচার প্রচারণা।তাই শেষ সময়ে তাই উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি।
মেয়র প্রার্থী নিয়ে তেমন উত্তাপ না থাকলেও কাউন্সিলরদের প্রচার প্রচারণার কারণে কোথাও কোথাও সহিংসতা, উত্তেজনা আবার কোথাও উৎসবের আমেজ বিরাজ করছে।
তবে তীব্র এই রোদ ও গরম উপেক্ষা করেই সোমবার সকাল থেকে চলছে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলদের গণসংযোগ৷ দুপুর থেকে শুরু হবে শেষ দিনের মাইকিং ও প্রচার মিছিল। এরপর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলির কাজ চলবে জোরেশোরে।
রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেনের জানান, আজ মধ্য রাত থেকেই প্রচার প্রচারণা শেষ হবে। আগামীকাল মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে কেন্দ্র কেন্দ্রে ভোটগ্রহণ সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হবে।
তিনি জানান, মহানগরীর ৩০টি ওয়ার্ড এবং ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার রয়েছেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৬ জন। মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১২৪ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন; অর্থাৎ ৩টি পদে সর্বমোট ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
আগামী ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৫২টি ভোট কেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে মহানগর এলাকায় আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্র-সহ চলাফেরায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ (রাজনৈতিক শাখা-৪), ঢাকার স্মারক নং-৪৪.০০.০০০০. ০৭৭.২১.০২৫.২০২১-২৩৫ তারিখ-২১শে মে মোতাবেক ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৭ (ক)(১) ধারা ক্ষমতাবলে আগামী ২১শে জুন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ ১(ক) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার মধ্যে নির্বাচনের ২ (দুই) দিন পূর্বে অর্থাৎ ১৯শে জুন হতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন ২(দুই) দিন অর্থাৎ ২৩শে জুন মোট ০৫ (পাঁচ) দিন ভোর ৬টা হতে রাত ১২ টা পর্যন্ত সকল বৈধ আগ্নেয়াস্ত্রধারীগণ কর্তৃক সব ধরণের আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্র-সহ চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না।
সোমবার আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
