পাবনায় ট্রেনের তেল চুরি: রেলকর্মীসহ দুজন আটক
পাবনার ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএমবি) যাত্রীবাহী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরির সময় এক রেলকর্মীসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজশাহী-ঈশ্বরদী রুটে নাটোরের আজিমনগর রেলস্টেশন থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ছয়টি কনটেইনারভর্তি ৪৫ লিটার তেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার ছাকনী গ্রামের বাসিন্দা ও আন্তনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন (৩৭) ও নাটোরের লালপুর উপজেলা সদরের গোপালপুর মহল্লার রোকনুজ্জামান রোকন (৪৫)।
এ ঘটনায় আজ সোমবার দুপুরে পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় কার্যালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে রেলওয়ের পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা হারুন-অর রশীদকে প্রধান করা হয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর রাজশাহী গোয়েন্দা শাখার সহকারী উপপরিদর্শক উজ্জল আলী বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঈশ্বরদী রেলরুটের বিভিন্ন স্টেশনে তেল চুরির ঘটনা ঘটছে। চুরি ঠেকাতে ট্রেনে সাদাপোশাকে রেলওয়ের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। রাজশাহী থেকে ঈশ্বরদীমুখী আন্তনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে পৌঁছালে সাদাপোশাকের নিরাপত্তা বাহিনীর দলটি তেল চুরি ও বিক্রির বিষয়টি দেখতে পায়। এ সময় ডিজেল ভর্তি ছয়টি কনটেইনারে ৪৫ লিটার ডিজেলসহ দুজনকে হাতে নাতে আটক করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, আটক ব্যক্তিদের পাকশী রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রেলওয়ের পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা হারুন-অর রশীদ বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাঁরা তদন্তের কাজ শুরু করেছেন।
প্রথম আলো
