রাজশাহীতে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার
রাজশাহীতে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ এক নারীকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোসা: শরিফা বেগম (৪৫)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামের মৃত বাহাদুরের স্ত্রী।
আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৮ই আগস্ট (৭ই আগস্ট দিবাগত) রাত ১২টায় কাশিয়াডাঙ্গা থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামের একটি বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম রাত সাড়ে ১২টায় কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামি শরিফা বেগমকে তার বাড়ি হতে আটক করে। এসময় আসামির বাড়ি তল্লাশি করে ওয়ারড্রপের ড্রয়ার হতে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, সে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে।
এই ঘটনায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
