নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজশাহী ওয়াসার পানির মূল্য তিনগুণ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শনিবার (১২ মার্চ) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনের জেলা ও মহানগর শাখা।
সভাপতিত্ব করেন- সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী। কর্মসূচিতে বক্তারা বলেন, পাকিস্তান আমল থেকেই প্রতি রমজানের আগে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি দেখা যায়। এরপর মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু রমজানের আগে দ্রব্যমূল্যর দাম বেড়ে যাওয়াটা বন্ধ হয়নি। কোন দল, কোন সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। এর ফলে সমাজের একটা শ্রেণি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
রাজশাহী ওয়াসা যেভাবে পানির মূল্য তিনগুণ বৃদ্ধি করেছে তারও সমালোচনা করেন। তারা দ্রুত ওয়াসাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হাসনাত বেগের পরিচালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের নগর সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, আইনজীবী শাহীন মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম কনক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয়, সাকলায়েন গৌরব, ছাত্রনেতা আব্দুল মজিদ অন্তর প্রমুখ।
