রাজশাহীতে অস্ত্র-গুলি-সহ ২০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১
রাজশাহীর কাটাখালী থানার চর খিদিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি পিস্তল ১ রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইনসহ ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো: আক্কাশ আলী (৪৯) রাজশাহীর কাটাখালী থানার চর খিদিরপুরের মৃত ইমরান আলীর ছেলে।
আজ বুধবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৩ই আগস্ট (১২ই আগস্ট দিবাগত) রাত দেড় টায় আরএমপি’র কাটাখালী থানার একটি টিম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার চর খিদিরপুর গ্রামের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মো: আক্কাশ আলী তার নিজ বাড়িতে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের টিমটি ভোর পৌনে ৬ টায় কাটাখালী থানার চর খিদিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি আক্কাশ আলীকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চোরাচালান-সহ অন্যান্য আইনে ১৬টি মামলা রুজু্ আছে।
এই ঘটনায় কাটাখালী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে আলাদা দুইটি মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।
