রাজশাহীতে ভাতিজার হামলায় আহত চাচার মৃত্যু
রাজশাহীতে ভাতিজার হামলায় শরিফুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শরিফুল রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকার মৃত মেছের আলীর ছেলে। সোমবার সন্ধ্যায় শরিফুলের লাশ মহানগরীর টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে।
জানা গেছে, নিহত শরিফুলের সাথে তার ভাই শফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। গত ২৩ আগস্ট দুপুরে শরিফুল জমিতে যান। এ সময় তার ওপর হামলা চালান শফিকুলের স্ত্রী মিতা এবং তার ছেলে মোস্তাকিন ইসলাম। হামলার সময় সেখানে অন্য কেউ ছিলেন না। এ সুযোগে মোস্তাকিন তার চাচা শফিকুলকে লোহার রড দিয়ে বেধড়ক পেটান। এ কাজে তাকে সহযোগিতা করেন তার মা মিতা।
একপর্যায়ে শরিফুলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মোস্তাকিন এবং তার মা মিতা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। নিহত শরিফুলের আরেক ভাই মৃত আব্দুল কাইয়ুমের ছেলে টিপু সুলতান বলেন, আমাদের বাবারা চার ভাই। জমি নিয়ে বিরোধে তার ওপর হামলা করা হয়। রডের আঘাতে তার পাঁজর ভেঙে যায়।
বোয়ালিয়া থানার ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় মিতা নামের এক নারীকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। আর নিহত শরিফুলের ভাতিজা মোস্তাকিনকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। যুগান্তর
