১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

মঠপুকুরে জমেছে উদ্যোক্তা মেলা

প্রকাশিত: ২৩ March ২০২২, ১১:০১ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন
মঠপুকুরে জমেছে উদ্যোক্তা মেলা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর বিসিক শিল্প এলাকার মঠপুকুরে চলছে উদ্যোক্তা মেলা। চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। বর্তমানে জমজমাট মেলার কেনাবেচা। মেলায় ৯৩ টি স্টল রয়েছে। সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে বেচাকেনা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ওয়েলকাম টু আইরিন এন্টারপ্রাইজ, রঙ্গের ছোঁয়া বুটিক হাউজ, রেশম কন্যা নামের স্টলগুলোতে ক্রেতাদের ভিড়। মেলার আকর্ষণ হিসেবে দেখা গেল ঘর সাজানোর সৌখিন জিনিসপত্র, মিষ্টি জাতীয় খাবার, ফাস্টফুডের সমাহার।

মেলায় স্থান পেয়েছে শাড়ি, থ্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস, বেড সিট, কুশন কভার, লেডিস ব্যাগ, কসমেটিকস, জুতা, বাচ্চাদের খেলনা। শাড়ি কিনতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন বলেন, এখানকার শাড়ি বা থ্রি পিসে হাতের কাজের সৌন্দর্য্য অসাধারণ। কাপড়ের মানও ভালো। মূল্য একটু বেশি। তবে ৪০০ থেকে ২ হাজার টাকার মধ্যে ভালো পোশাক পাওয়া যাচ্ছে।

রঙ্গের ছোঁয়া বুটিক হাউজের প্রোপাইটর চায়না রানী দাস জানান, পৃথিবীতে আমরা সকলেই একে অপরের পরিপূরক হিসেবে ভূমিকা পালন করি। খুব বেশি পড়াশোনা করার সুযোগ হয়নি। ২০০০ সাল থেকে আমি নিজেই উদ্যোক্তা। আশ্রয়, যুব প্রশিক্ষণ অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েই ব্যবসায়িক জীবন শুরু করেছি।

চেষ্টা চলছে সমাজের বেকার থাকা মানুষদের কর্মদক্ষ করে তোলার প্রচেষ্টা। ৮ এপ্রিল পর্যন্ত এই মেলা থাকছে। বেচাকেনা ভালোই চলছে। সপ্তাহে প্রতিদিন ২৫০-৩০০ জন ক্রেতা দোকানে আসেন। শুক্রবার ও শনিবার ভিড় বেশি থাকছে। প্রতিদিন নতুন করে গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে। কেউ সফলতার গল্প শুনতে চাইছেন। কেউ বা বসে না থেকে কাজ শুরু করতে চাইছেন।

মেলার সম্প্রসারণ কর্মকর্তা ফহিম ফয়সাল ও প্রমোশন অফিসার ভাষ্কর রায় জানান, একই শহরে দুটি মেলা হওয়ায় ক্রেতা কম। কিছু কিছু উদ্যোক্তাদের স্টল দুইটি মেলাতেই আছে। প্রতিবছর মেলা ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এ বছর কারণবশত মার্চের ১ তারিখ থেকে সাজিয়ে গুছিয়ে ৯ মার্চ থেকে শুরু হয়েছে। আসা করা যাচ্ছে আরও জমে উঠবে সামনের দিনগুলোতে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন