রাজশাহীতে বাংলামদসহ যুবক গ্রেফতার
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৯ লিটার বাংলামদসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত মো: রাজীব (২৮)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ার মো: রুবেল শেখের ছেলে।
আরএমপি সূত্রে জানা যায়, গতকাল ৯ ডিসেম্বর (৮ ডিসেম্বর দিবাগত) রাত সাড়ে ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তি বাংলামদ বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ১ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাজীবকে ৩৯ লিটার বাংলামদসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পুলিশকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ বাংলামদের ব্যবসা করে আসছে।
তার বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
