রাজশাহীতে ১১ হাজার পরীক্ষার্থী বসছে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায়
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ১১ হাজার পরীক্ষার্থী বসছে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা রাজশাহী নগরীর সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৮টা থেকে কেন্দ্রগুলো খোলা থাকবে। এছাড়া পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। এই পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। আজ শুক্রবার (১ এপ্রিল) ২০২১-২০২২ শিক্ষা বর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সের এই ভর্তি পরীক্ষা রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ-রাজশাহী উপকেন্দ্র, নিউ গভ. ডিগ্রি কলেজ-রাজশাহী উপকেন্দ্র, টিচার্স ট্রেনিং কলেজ-রাজশাহী উপকেন্দ্র, রাজশাহী সরকারি সিটি কলেজ-রাজশাহী উপকেন্দ্র, রাজশাহী সরকারি মহিলা কলেজ- রাজশাহী উপকেন্দ্র এবং রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে-রাজশাহী উপকেন্দ্র এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিষেধাজ্ঞা দিয়েছে।
এতে বলা হয়েছে- পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
