১৮ September ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘সব মিথ্যা বিএনপি আজকেই বলে দেবে, রমজানে অন্তত বন্ধ থাকবে’

প্রকাশিত: ৩ April ২০২২, ১১:১৩ am | বিভাগ: রাজনীতি
‘সব মিথ্যা বিএনপি আজকেই বলে দেবে, রমজানে অন্তত বন্ধ থাকবে’
বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আশা করব, আগামী এক মাস (পবিত্র রমজান মাস) অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে।’ শনিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের বিএনপি বিষয়ক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি শুনলাম বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করব- সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে, আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।’

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তারা উদভ্রান্তের মতো কথা বলছে।’

এর আগে শহিদ মিনারের পাদদেশে সদ্যপ্রয়াত বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সংস্কৃতিচর্চা বিশেষ করে কবিতাচর্চা, আবৃত্তিশিল্পের চর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের অবদান অসামান্য।

‘দেশে মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরের বেশি, সে হিসেবে হাসান আরিফের আরও অনেকদিন বেঁচে থাকার কথা ছিল। কিন্তু তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন।’

হাছান মাহমুদ বলেন, তার এই বিদায় আমাদের সুচিন্তার চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, জাতির সংস্কৃতি অঙ্গন ও কবিতা চর্চাকারীরা তার অভাব অনুভব করবে। আমরা সবাই তার আত্মার চিরশান্তি কামনা করি।’- যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন