ঢাকাFriday , 28 March 2025
  • অন্যান্য

রাজশাহীতে বইছে মাঝারি তাপপ্রবাহ

March 28, 2025 7:48 pm । ১৩১ জন

রাজশাহীতে আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা ৩টায় রাজশাহী আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। আবহাওয়া অফিস বলছে, রাজশাহীতে এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। আগামী কয়েক দিন এই তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সবশেষ রাজশাহীতে গত ২১ ও ২২ মার্চ ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তারপর ২৩ মার্চ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এক দিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রির বেশি বেড়ে গেছে। আজ শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সেই হিসাবে রাজশাহীতে আজ মাঝারি তাপপ্রবাহ চলছে। গতকাল ছিল মৃদু তাপপ্রবাহ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক আনোয়ারা খাতুন জানান, কিছুদিন আগে বৃষ্টি হওয়ার পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ সময়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। প্রথম আলো

 

Paris
Paris