১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ব্রাজিলে যাচ্ছে রাজশাহীর ফরহাদ, আবির ও নিবাস

প্রকাশিত: ২৩ April ২০২২, ১২:৪০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
ব্রাজিলে যাচ্ছে রাজশাহীর ফরহাদ, আবির ও নিবাস
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তিন তরুণ ফুটবলে প্রশিক্ষণ নিতে ব্রাজিল যাচ্ছেন। এদের মধ্যে একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর। এবছর  বাংলাদেশ থেকে ১৫ জন তরুণ ব্রাজিলের এই প্রশিক্ষণের জন্য যাচ্ছেন তাদের মধ্যে রাজশাহীর তিনজন।

তিন খেলোয়াড় হলেন, রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকার ফরহাদ, মোহনপুর উপজেলার ধুরইল এলাকার আবির হাসান এবং পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিবাস কুজুর। এর আগে সারাদেশে ১ লাখ ১২ হাজার ৫৫৩ জনের মধ্যে যাচাই-বাছাই করে যোগ্যতার বিচারে এই ১৫ জনকে ব্রাজিলে ফুটবল প্রশিক্ষণে চূড়ান্ত করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবল খেলাকে বিকশিত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে। সারাদেশ থেকে মাত্র ১৫ জন ফুটবলারকে ব্রাজিল যাওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে তিনজন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার। এ অর্জন রাজশাহীর তরুণ ফুটবলারদের আনন্দিত ও উৎসাহিত করেছে। তাদের প্রত্যেককে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।

তরুণ ফুটবল খেলোয়াড় নিবাস কুজুর বলেন, সারাদেশ থেকে ১৫ জন খেলোয়াড় ফুটবলের রাজধানী ব্রাজিলে যাচ্ছে প্রশিক্ষণের জন্য। এই দলে সেরা ১৫ জনের মধ্যে একজন হতে পেরে আমি খুবই আনন্দিত, যা বলে বুঝাতে পারব না।

পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকায় থাকেন নিবাস কুজুর পরিবার। কাঠের মেলের দিনমজুর বাবা শ্রী হরিশ কুজুর বলেন, থাকার জায়গাটুকু ছাড়া আমার আর কোনো জমিজমা নেই। সংসারের খরচ চালাতে অন্যের জমিতে কাজ করি। আমার দুই ছেলে। তাদের কোনো ইচ্ছে আমি পূরণ করতে পারিনি। ছেলেটা একটা বাইসাইকেল কিনে চেয়েছিল। কিন্তু অভাবের কারণে সেটাও দিতে পারিনি। পায়ে হেঁটেই কষ্ট করে ফুটবল খেলার জন্য যেত। অভাবের সংসারে বেড়ে ওঠা এই ছেলে ফুটবল খেলার জন্য বিদেশে (ব্রাজিল) যাচ্ছে। এটা শোনার পর আমার আনন্দে বুক ভরে গেছে।

নিবাস কুজুর মা মিনতি কুজুর বলেন, মুই বিশ্বাস করব্যার পারোছো না, মোর বেটা ঢাকাত খেলবার গেইছে। ফির স্যাটে থাকি বিদেশোতও যাবার সুযোগ পাইছে। গ্রামোত ক্লাব না থাকলে এত কিছু হইল না হয়।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু বলেন, জেলা ক্রীড়া সংস্থা দেশে ভালমানের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখা। সেই চেষ্টা নিয়েই দীর্ঘদিন গ্রামের মানুষের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ফুটবল খেলাকে ধরে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের সংস্থার ক্ষুদে খেলোয়াড়দের সঠিক যাচাই-বাছাইয়ে মাধ্যমে চূড়ান্ত করা হয়। তাই ফরহাদ, আবির ও নিবাসের মতো ভালো খেলোয়াড় খুঁজে পেয়েছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন