১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে তাপমাত্রা ফের ৪১ এর ঘরে

প্রকাশিত: ২৫ April ২০২২, ৫:২৩ pm | বিভাগ: আবহাওয়া, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে তাপমাত্রা ফের ৪১ এর ঘরে
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আজ সোমবারও রুদ্রমূর্তি ধারণ করে আছে প্রকৃতি! সকাল থেকেই আগুন ঝরাচ্ছে সূর্য। তীব্র তাপে উষ্ণ হয়ে উঠেছে বায়ুমণ্ডল। প্রকৃতি যেন তপ্ত নিশ্বাস ছাড়ছে।

ফলে সহজেই বোঝা যায় রাজশাহীতে গরমের তীব্রতা বেড়েছে। সামান্য বিরতি দিয়ে থার্মোমিটারে তাপমাত্রার পারদ আবারও ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে রাজশাহীতে।

রমজান মাসে টানা তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা যেন একেবারেই অচল হয়ে পড়েছে। ঘরে কিংবা বাইরে কোথাও এক চিলতে স্বস্তি নেই। মানুষের পাশাপাশি পশু-পাখিরাও হাঁসফাঁস করছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান বলেন, আজ সোমবার বিকেল ৪টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা আবারও রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীতে তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রি পার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল রোববার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার (২৩ এপ্রিল) ছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর মধ্যে ৮ বছর পর গত ১৫ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রার অতীতের রেকর্ড ভাঙে। ওইদিন বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।   এর আগে, ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, রংপুর, দিনাজপুর, নিলফামারী ও পটুয়াখালী জেলাসহ ঢাকা বিভাগ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন